ইআরপিতে ডিজিটাল সেবা দিচ্ছে বিডিইউ

৩ অক্টোবর, ২০২১ ১৭:১২  
শিক্ষার্থীদের ডিজিটাল সার্ভিস প্রদানের লক্ষ্যে ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যার উদ্বোধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ। আজ রবিবার (০৩ অক্টোবর ২০২১) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এই সফটওয়্যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)মোঃ আশরাফ উদ্দিন,সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর,শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব)মোঃ আশরাফুজ্জামান,আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান(অতিরিক্ত দায়িত্ব)ফারজানা আক্তার,প্রোগ্রামার অনিত কুমার রায় সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ইআরপি সফটওয়্যার উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর প্রশাসনিক,একাডেমিক এবং শিক্ষা সেবা ডিজিটাল পদ্ধতিতে প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে আমরা এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), এডমিশন ম্যানেজমেন্ট সিস্টেম (এএমএস), অনলাইন রিকুটমেন্ট সফটওয়্যার (ওআরএস) এবং মাই বিডিইউ মোবাইল অ্যাপ তৈরি করেছি। এই ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং)সফটওয়্যার এর মাধ্যমে কাগজ বিহীন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্পূর্ণ পরিবেশ বান্ধব কার্যক্রম পরিচালনা করা হবে। এই ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যার একটি সমন্বিত সমাধান যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্যের প্রক্রিয়াকরণ এবং রক্ষণাবেক্ষণ করা হবে।বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনা,সুবিধা ব্যবস্থাপনা,পরিবহন, গ্রন্থাগার, কর্মীদের বিবরণ, হিসাব, মানবসম্পদসহ সকল ধরনের কার্যক্রম এর মাধ্যমে ডিজিটালি সম্পন্ন করা হবে।